২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে আ. লীগের দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০

কারখানার মালামাল ওঠানো-নামানো নিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

পুলিশ জানায়, শনিবার মদনগঞ্জের বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে রাসেল নামে এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাসেল যুবক সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন বলে স্থানীয়রা দাবি করলেও পুলিশ নিশ্চিত করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বসুন্ধরা সিমেন্টে ফ্যাক্টরির মালামাল লোড-আনলোডের কাজ করেন স্থানীয় যুবলীগ নেতা মাহবুব রশিদ টিটু। গত দুদিন ধরে তার লোকজন লোড-আনলোডের কাজ করছিল।

এর আগে লোড-আনলোডের কাজ করেন সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়সাল মোহাম্মদ সাগর।

এ নিয়ে বেশ কিছুদিন ধরে এ দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

সকাল ১০টায় সাগর গ্রুপ ও মাহবুব রশিদ টিটু গ্রুপের মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল মোহাম্মদ সাগর জানান, আগে বসুন্ধরা গ্রুপের কাজটি তার লোকজন করত। সম্প্রতি কাজ পান যবুলীগ ‘নামধারী নেতা’ মাহবুব রশিদ টিটু।

মাহবুব কাজ পাওয়ার পর থেকে অন্য ঠিকাদারী কাজের লোকজনদের উপর হামলা ও  নির্যাতন চালাচ্ছেন। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়। আমার লোকজনকেও মারধর করে।

এ ব্যাপারে একাধিকবার মাহবুব রশিদ টিটুর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার আজিম উল আহসান জানান, বসুন্ধরা গ্রুপের মালামাল লোড আনলোডকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে কেউ অভিযোগ করেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কেউ মামলা করেনি।