আশুলিয়ায় কারখানায় আগুন আতঙ্ক, আহত ৫০
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে।
শনিবার বাগবাড়ী এলাকার রেজা ফ্যাশন লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
তাদের মধ্যে বেশ কয়েকজনকে বেরন এলাকায় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে কারখানাটির পঞ্চম তলায় এক শ্রমিক ভুল করে ফায়ার এলার্মে চাপ দিলে তা বেজে ওঠে। তখন শ্রমিকদের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে ৫০/৬০ জন শ্রমিক আহত হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনটি ঘটনাস্থলে গিয়ে আগুন দেখতে পায়নি।
কারখানাটিতে ১৭শ’শ্রমিক কাজ করে।
