২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভোলার চরফ্যাশনে একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ছয়জন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 11:20 AM

Updated : 23 Aug 2022, 07:09 PM

ভোলা থানার ওসি মাহাবুবুর রহমান জানান, শনিবার সকাল ৭টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের ‘বেপারী বাজার’ এলাকায় এ দুর্ঘটনায় হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

নিহতরা হলেন- আনোয়ার সিকদারের ছেলে নুরুন্নবী (৪২) এবং চালক আব্দুল জলিল (৩৬)। দুজনের বাড়ি চরফ্যাশনের আমিনাবাদ ইউনিয়নে।   

আহতরা হলেন- আমিনাবাদের অলি (৩৫), জামাল (৪২), আজাদ (৩৫), সেলিম (৪০), মনির (৩৫) এবং লালমোহন উপজেলার ইকবাল (২৪)।

ঘটনাস্থল পরিদর্শনের পর আহতদের বরাত দিয়ে ভোলা থানার এসআই মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে চরফ্যাশনগামী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘নয়নমনী’ নামের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে গুরুতর আহত হন আট জন। এদের মধ্যে হাসপাতাল নেয়ার পথে মৃত্যু হয় দুজনের। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।   

হতাহতদের আত্মীয় এমএ বারি জানান, তারা সবাই মাইক্রোতে চড়ে চরফ্যাশন যাচ্ছিলেন।

লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্যে লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।