২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বই নকলের অভিযোগে কারমাইকেল কলেজ অধ্যক্ষ বরখাস্ত

অন্য শিক্ষকের বই নকল করার অভিযোগে রংপুরের কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শাহ্ মোকসেদ আলী সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় এ আদেশ জারি করে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

কলেজের উপাধ্যক্ষ মাহফুজা আনোয়ার জানান, শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত এই আদেশ বৃহস্পতিবার কলেজে এসে পৌঁছায়।

“ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আমাকে দায়িত্ব পালন করার নির্দেশ দেয়া হয়েছে,” বলেন মাহফুজা।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, খুলনা বিএল কলেজের পদার্থবিজ্ঞানের সাবেক সহযোগী অধ্যাপক সুনীল কুমার গোলদার ১৯৯৯ সালে নিজের লেখা পরিসাংখিক বলবিদ্যা নামে একটি বই প্রকাশ করেন। ২০০৮ সালে বইটি নকল করে বর্তমান কারমাইকেল কলেজের অধ্যক্ষ পদার্থ বিজ্ঞানের অধ্যাপক শাহ্ মোকসেদ আলী সরকার নিজের নামে প্রকাশ করেন।

এ ঘটনায় সুনীল কুমার গোলদার ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর খুলনার মুখ্য মহানগর হাকিম আদলতে কপিরাইট আইনে মোকসেদ আলীর বিরুদ্ধে মামলা করেন।

কপিরাইট আইনে করা ওই মামলার পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১২ ডিসেম্বর মোকসেদ আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। চলতি বছরের ৩১ মার্চ তিনি আদালতে হাজির হয়ে জামিন নেন।

এ অবস্থায় মোকসেদ আলীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে, এ সময় তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে চিঠিতে জানানো হয়।

সুনীল কুমার গোলদার শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বইয়ের ৯৫ শতাংশ নকল করে মোকসেদ আলী ২০০৮ সালে নিজের নামে প্রকাশ করেন। মামলা ছাড়াও বিষয়টি নিয়ে শিক্ষাসচিব এবং শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরও আবেদন করি।” 

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক মোকসেদ আলী সরকার কোনো মন্তব্য করতে রাজি হননি