২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলতাফ চৌধুরীর গাড়িবহরে হামলা

পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 04:10 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শুক্রবার সকালে বরিশাল-পটুয়াখালী সড়কের শিয়ালীবাজারে  এ হামলায় বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে তিনজনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, হামলার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা হামলা করেছে তদন্ত না করে বলা যাবে না।

জেলা বিএনপির সদস্য লুৎফর রহমান বাবুল এবং হামলায় আহত এসএম রব জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি সকাল ৯টার দিকে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দেয়ার জন্য সদর উপজেলার বদরপুর বাসস্ট্যান্ডে যান।

সেখান থেকে মোটরসাইকেল বহর নিয়ে পটুয়াখালী শহরের বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্য রওয়ানা হন তারা।

আহতদের কয়েকজন জানান, পথে শিয়ালীবাজারে তার গাড়িবহরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টোটন জানান, হামলায় জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এসএম রব হাওলাদার, সদস্য লুৎফর রহমান বাবুল, ইটবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পাদক মো. মোহন সিকদার, পৌর যুবদলের আহবায়ক মো. দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা এনায়েত হোসেন মোহনসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেনকে ফোন করে তার সঙ্গে কথা বলা যায়নি।