২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী, বগুড়ায় সমাবেশের অনুমতি

রাজশাহী মহানগর ও বগুড়া পৌরসভা এলাকায় নিষেধাজ্ঞা এবং ১৪৪ ধারা শিথিল করে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

রাজশাহী/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 12:36 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

এর মধ্যে রাজশাহীতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় উভয় পক্ষই সমাবেশের অনুমতি পেয়েছে।

আর বগুড়ায় ১৮ দল জনসভা করার অনুমতি পেলেও তবে আওয়ামী লীগ জনসভা করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী কলেজ চত্বরে মহানগর ও কাটাখালিতে জেলা ১৮ দলকে সমাবেশ করার লিখিত অনুমতি দেয়া হয়েছে। আর ১৪ দলকে সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

“মিছিল, লাঠিসোটা ও অস্ত্রসহ সমাবেশে না যাওয়ার এবং জননিরাপত্তা বিঘ্নিত না হয় এমন কর্মকাণ্ড না করার শর্তে ১৮ দলকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।”

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থার রাখা হয়েছে। কোনো জননিরাপত্তা বিঘ্নিতকারী কর্মকাণ্ড বা নাশকতার চেষ্টা করা হলে কঠোর হস্তে তা দমন করা হবে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন জানান, সকাল ১১টায় রাজশাহী কলেজ চত্বরে মহানগর এবং বিকেল ৩টায় নগরীর মতিহার থানার কাটাখালিতে জেলার সমাবেশ অনুষ্ঠিত হবে।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, সকাল ১০টা থেকে দলের নেতাকর্মীরা পার্টি অফিসে অবস্থান নিয়েছে। অনুমতি পাওয়ার পর সাহেববাজার জিরোপয়েন্টে সমাবেশ করার প্রস্তুতি নেয়া হয়েছে।

পরিস্থিতির উপর নির্ভর করবে সমাবেশ করা হবে বলে জানান তিনি।

এদিকে প্রশাসন সভা-সমাবশের উপর দেয়া নিষেধাজ্ঞা শিথিল করায় বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠে (কেন্দ্রিয় ঈদগাহ) জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে ১৮ দলীয় জোট।

তবে আওয়ামী লীগ জনসভার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুধু আলতাফুন্নেছা খেলার মাঠ ও আশেপাশের এলাকা বাদ দিয়ে শহরের অন্য এলাকায় ১৪৪ ধারা সাময়িক শিথিল করে ১৮ দলের আবেদনের প্রেক্ষিতে সেন্ট্রাল স্কুল মাঠে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। কিন্তু জেলা আওয়ামী লীগ সমাবেশের জন্য কোনো আবেদন করেনি।