মিরসরাইয়ে ‘জামায়াতি’ প্রতিষ্ঠানে বিস্ফোরণ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে কোরআন শিক্ষার একটি প্রতিষ্ঠানে বিস্ফোরণ ঘটেছে, যে প্রতিষ্ঠানটির মালিকের সঙ্গে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জামালপুর গ্রামে তালিমুল কোরআন একাডেমি নামে ওই প্রতিষ্ঠানে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এই বিস্ফোরণ ঘটে।
খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি পুলিশ। জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসানের ধারণা, সেখানে বোমা বানানো হচ্ছিল।
নির্বাচনের দিন গণনা শুরুর প্রথম দিন ২৫ অক্টোবরকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তেজনার মধ্যে মিরসরাইয়ে এই বিস্ফোরণ ঘটেছে।
এর কয়েক সপ্তাহ আগে চট্টগ্রামে হেফাজতে ইসলাম নিয়ন্ত্রিত একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণ ঘটে। সেখানেও বোমা তৈরি হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তালিমুল কোরআন একাডেমির মালিক ফারুক নামে এক ব্যক্তি। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানতে পেরেছে।
তিনি বলেন, “একাডেমি প্রাঙ্গণে একটি টিনের ঘরে তিন-চারজন বসে বোমা বানাচ্ছিল। এসময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের আগ পর্যন্ত ১০-১২টি বোমা বানানো হয়।”
ঘটনাস্থল থেকে দুই জোড়া স্যান্ডেল, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে।
“ধারণা করছি কমপক্ষে দুই জন আহত হয়েছে,” বলেন ওসি।
এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
