কুমিল্লা সিটিতে ১৪৪ ধারা, বিজিবি মোতায়েন
একই জায়গায় আওয়ামী লীগ ও ১৮ দল সমাবেশ ডাকায় কুমিল্লায় মহানগরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসক।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।
জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়ার এ আদেশ সন্ধ্যা থেকে জেলার তথ্য বিভাগ থেকে মাইকিং করে সিটি করপোরেশনের নাগরিকদের জানায়।
শুক্রবার কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় পূবালী চত্ত্বর ও টাউনহলের কাছে একই সময়ে আওয়ামী লীগ ও ১৮ দল সমাবেশের ডাকায় শান্তিভঙ্গের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।
এদিকে ১৪৪ ধারা জারির পরেও ১৮দল সমাবেশ করবে বলে জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিন।
এছাড়া শুক্রবার পদুয়ার বাজার বিশ্বরোডে এলাকায় সিটি মেয়র মনিরুল হক সাক্কু ও কেন্দ্রীয় বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীও সমাবেশ ডাকে।
তবে মনিরুল হক চৌধুরী বলেন, “আমরা পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশ করবো।”
এদিকে, বিজিবির ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মামুন আল মাহমুদ জানান, বৃহস্পতিবার রাত থেকে কুমিল্লা সিটি করপোরেশন ও চৌদ্দগ্রাম উপজেলায় দুই প্লাটুন করে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে।
