ছাত্রীকে শৌচাগারে আটকে রাখায় অধ্যক্ষ গ্রেপ্তার
মুক্তিপণ আদায় করতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শৌচাগারে আটকে রাখার অভিযোগে সিলেটের বিশ্বনাথের বেসরকারি স্কুলের এক অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার পুরান বাজার এলাকা থেকে গ্রীনবার্ড একাডেমী নামের একটি প্রতিষ্ঠানে অধ্যক্ষ শাহ গিলমান আহমদকে গ্রেপ্তার করা হয়।
তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে।
বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বুধবার দুপুরে গিলমান আহমদ ও তার সহযোগী একাডেমীর প্রাক্তন শিক্ষক আব্দুস শহিদ দ্বিতীয় শ্রেণির ছাত্রী আবিদা বেগমকে হাত-পা ও মুখ বেঁধে একাডেমীর দোতলার শৌচাগারে আটকে রাখে।
আবিদা বাসায় না ফেরায় অবিভাকরা স্কুলে যোগাযোগ করলে গিলামান নানা কৌশল অবলম্বন করে।
ওসি বলেন, “গিলমান এক লাখ টাকা মুক্তিপণ আদায় করতে নিজের শিক্ষা প্রতিষ্ঠানে আবিদাকে হাত-পা-মুখ বেঁধে বাথরুমে আটকে রাখার সত্যতা পুলিশের কাছে স্বীকার করেছেন।”
এঘটনায় ওই ছাত্রীর মা লাইলী রহমান মামলা করেছেন।
অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
