খুলনাতেও সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের পর এবার খুলনা মহানগরীতেও সব ধরনের সভা সমাবেশের ওপর নিয়েধাজ্ঞা জারি হয়েছে।
আওয়ামী লীগ ও বিএনপি শুক্রবার পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে খুলনা মহানগর পুলিশ।
বৃহস্পতিবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
তবে, মহানগরীর বাইরে খুলনা জেলার ৯টি উপজেলায় নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন খুলনা জেলা পুলিশ সুপার মো. গোলাম রউফ খান।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে শুক্রবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় বিএনপি ও জামায়াতসহ ১৮ জোট।
একই দিন মাঠে থাকার ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগও।
রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে দেশব্যাপী জনমনে উদ্বেগ-উৎকণ্ঠার প্রেক্ষাপটে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালেও সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
