গাজীপুরে এক নারীর লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
চান্দরা পশ্চিমপাড়া এলাকায় একটি বনের ভিতর বুধবার বিকালে পারুল আক্তার (২১) নামের এ তরুণীর লাশ পাওয়া যায়। পারুল টাঙ্গাইলের কালিহাতি উপজেলার মালতি গ্রামের আকবর হোসেনের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক।
তার কাছে থাকা একটি পরিচয়পত্রে এ পরিচয় লেখা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ওই বনের ভিতর ফেলে রাখে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো জানায়, ওই বনে লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশে এসে সেটি উদ্ধার করে।
তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
