বিএনপির প্রস্তাব অবাস্তব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন, তা ‘অবাস্তব ধরনের’।
বিরোধী দল সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানালেও তারা ‘আন্তরিক নয়’ বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার রাতে গণভবনে ১৪ দলের বৈঠকের শুরুতে শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলীয় নেতা নির্বাচনকালীন সরকারের একটি প্রস্তাব দিয়েছে। আজ তারা সেটা সংসদেও উপস্থাপন করেছে। কিন্তু তারা শুধু বলে গেলেন, শুনলেন না। আমরা আলোচনার আহ্বান জানিয়েছিলাম। আমার মনে হয় তারা আলোচনার জন্য আন্তরিক নয়।”
খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তা অবাস্তব ধরনের বলে মন্তব্য করে তিনি বলেন, আমি জানি না তিনি কিসের ভিত্তিতে এ ধরনের নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দিলেন। কারণ যাদের নাম তিনি প্রস্তাব করেছেন। তাদের অনেকে মারা গেছেন, অনেকে অসুস্থ আবার অনেকে অপরাগতা প্রকাশ করেছেন।
দশম সংসদ নির্বাচন সামনে রেখে জনমনে রাজনৈতিক সংঘাতের আশঙ্কার মধ্যে গত শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ওই প্রস্তাব নাকচ করেন নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের পাল্টা প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
তার প্রস্তাব অনুযায়ী, ১৯৯৬ ও ২০০১ এর তত্ত্বাবধায়ক সরকারের ২০ উপদেষ্টার মধ্যে থেকে ১০ জনকে নিয়ে এ সরকার হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি পাঁচটি করে নাম প্রস্তাব করবে।
আর ক্ষমতাসীন ও বিরোধীদলের ‘ঐক্যমতের ভিত্তিতে’ সকলের কাছে গ্রহণযোগ্য একজন ‘সম্মানিত নাগরিককে’ এই অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব দেয়া হবে।
বুধবার সংসদ অধিবেশনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার ওই প্রস্তাবটি পড়ে শোনান এবং প্রধানমন্ত্রীকে এ বিষয়ে আলোচনার উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
কিন্তু ক্ষমতাসীন দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম পঞ্চম সংশোধনী বাতিলে উচ্চ আদালতের রায় ও জিয়াউর রহমানের ক্ষমতা দখল নিয়ে বক্তব্য দিতে শুরু করলে বিএনপির সদস্যরা ওয়াকআউট করেন।
জোট নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে তা রাষ্ট্রপতিকে জানাব। আমি জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা বলেছিলাম। সেজন্যই আজকের এই বৈঠক।”
রাত সাড়ে ১০টায় এ বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণকে ১৪ দল ঐক্যবদ্ধভাবে সমর্থন জানিয়েছে।
“১৪ দল মনে করে, সাংবিধানিকভাবে নির্বাচন হওয়া উচিত। নির্বাচনের বিষয়ে সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় নেই।”
সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে মঙ্গলবার বিএনপি যে চিঠি দিয়েছে- সে বিষয়ে আওয়ামী লীগের জবাব কি জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “বিষয়টি ‘অন প্রসেস’। তাই এ বিষয়ে এখনই কথা বলতে চাই না “
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়াসহ ১৪ দলের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
