২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ওয়াকআউট

সংসদে এসে বিরোধীদলীয় নেতার প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রীকে আলোচনার অনুরোধ জানানোর পর ‘ওয়াক আউট’ করেছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 08:00 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বুধবার সন্ধ্যায় সংসদের মুলতবি অধিবেশন শুরুর পর প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব ও মাগরিবের বিরতি শেষে ৬টা ১০ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকারের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষে প্রবেশ করেন।

এরপর সন্ধ্যা ৭টার দিকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতার নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রস্তাবটি পড়ে শোনান সাবেক স্পিকার জমিরউদ্দিন।

তিনি বলেন, “আলোচনার মাধ্যমে যতো দ্রুত এর সমাধান করা যায় ততোই মঙ্গল। আমাদের আশা মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।”

এরপর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষেদের সদস্য তোফায়েল আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বক্তব্য রাখেন।

তাদের পরে বক্তব্য দিতে দাঁড়িয়ে ক্ষমতাসীন দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া উচ্চ আদালতের রায় প্রসঙ্গে বলতে শুরু করলে ৭টা ৪০ মিনিটে ওয়াক আউট করে বিরোধী দলের সদস্যরা।

অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জমিরউদ্দিন সরকার যে প্রস্তাব তুলে ধরেন, তার সূত্র ধরে শেখ সেলিম বলেন, “সংবিধান আওয়ামী লীগ সংশোধন করেনি। সংবিধান সংশোধনে বাধ্য হয়েছে। এ জন্য একটি কমিটি করা হয়- এতে বিএনপিকে ডাকা হলেও তারা নাম দেয়নি। জিয়াউর রহমানের সামরিক শাসন, অসাংবিধানিক ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করে পঞ্চম সংশোধনী বাতিল করে আদালত।”

এরপরই বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ বিরোধী দলের সদস্যরা হৈ চৈ শুরু করেন।

জমিরউদ্দিন সরকার ও এম কে আনোয়ার দাঁড়িয়ে গেলে বিরোধী দলের সদস্যরা শেখ সেলিমের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

বিএনপি প্রস্তাব উপস্থাপনের সময় সংসদ নেতা শেখ হাসিনা অধিবেশনে না থাকলেও পরে তোফায়েল আহমদের বক্তব্যের সময় তিনি যোগ দেন।

বিএনপির ‘ওয়াক আউটের’ পরে বক্তব্য অব্যাহত রাখেন সেলিম।

তিনি বলেন, “সংবিধানের বাইরে গেলে অসাংবিধানিক শক্তিকে উৎসাহিত করা হবে। বিএনপি নির্বাচনে অংশ না নিলে দলটির অস্তিত্ব থাকবে না। ১৯৭০ সালের ন্যাপ-ভাসানির মতো হবে বিএনপির অবস্থা।

“প্রধানমন্ত্রী আপনাদের প্রস্তাব দিয়েছেন। তাতে ভাববেন না তিনি দুর্বল। তার পেছনে দেশের জনগণ রয়েছে।”

‘মূল সমস্যা সরকার প্রধান’

সাড়ে ৭টার দিকে অনির্ধারিত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, সংসদে আলোচনা নয়, বিতর্ক ও ভোট হয়। আলোচনার সূচনা হয়েছে। এখন এগিয়ে যেতে হবে।

তোফায়েল আহমেদ নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে বিরোধীদলীয় নেতার প্রস্তাবকে ‘অসাংবিধানিক ও অবাস্তব’ বলায় এ কথা বলেন আনোয়ার।

ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে সংসদের বাইরে আলোচনার পর তা সংসদে উপস্থাপনেরও অনুরোধ জানান তিনি।

এই বিএনপি নেতা বলেন, “প্রস্তাবের মূল কথা সরকার প্রধান কে হবেন? এটাকে মূল বিবেচনায় নিয়ে ঐকমত্যের জন্য এগোতে হবে আমাদের। সরকার প্রধান নিয়ে একমত হতে পারলে ১০ উপদেষ্টা কোত্থেকে নেব তা নিয়ে সমস্যা হবে না।”

প্রধানমন্ত্রীকে বিরোধী দলের প্রস্তাব ‘সুবিবেচনার’ আহ্বান জানান এ নেতা।

“জনগণ কী চায় প্রধানন্ত্রী সবচেয়ে ভাল জানেন, তার চেয়ে কেউ বেশি জানেন না। এ সংকট থেকে উত্তরণ ঘটাতে হবে তাকে। তা না হলে দেশে শান্তি আসবে না।”

পয়েণ্ট অফ অর্ডারে বিরোধী দল প্রস্তাব উত্থাপনের পর ক্ষমতাসীন দলের সদস্যরা যেভাবে সমালোচনা করেছেন, তাতে কার‌্যপ্রণালী বিধি মেনে প্রস্তাব দিলেও কী ফল পাওয়া যাবে- সে বিষয়ে সংশয় প্রকাশ করেন আনোয়ার।

বিরোধী দলের ইচ্ছের কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা সমাধানের কাছাকাছি যেতে চাই।… আলোচনার দিকে যেতে চাই। আমরা কোনো বিতর্কের মধ্যে যেতে চাই না।”

পুরনো খবর:

‘যতো দ্রুত আলোচনা ততোই মঙ্গল’
সংসদ অধিবেশন চলবে ৭ নভেম্বর পর্যন্ত