প্রাধ্যক্ষ অপসারণে উত্তাপ জাবিতে
দুই হলের প্রাধ্যক্ষকে অপসারণ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিরোধী শিক্ষকরা।
উপাচার্যের পদত্যাগ দাবিতে স্থগিত থাকা আন্দোলনে আবারো সক্রিয় হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আল বেরুনী হলের প্রাধ্যক্ষ আনোয়ার খসরু পারভেজ ও জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ শ্যামল কুমার রায়কে অপসারণ করা হয়েছে।
এ দুজনের জায়গায় একেএম জসীম উদ্দিন এবং সানজিদা মুবাশশারাকে দুই হলের দায়িত্ব দিয়ে তাদের নিয়োগ সংক্রান্ত নোটিস দিয়েছেন নিবন্ধক।
আল বেরুনী হলের অপসারিত প্রাধ্যক্ষ আনোয়ার খসরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন দিনের ছুটিতে মাকে নিয়ে গ্রামের বাড়িতে এসেছি, অফিসিয়ালি কেউ কিছু জানায়নি আমাকে।”
সিন্ডিকেটে নির্বাচিত দুই প্রাধ্যক্ষকে কোন প্রক্রিয়ায় সরিয়ে দেয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে নিবন্ধক আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন নিজ ক্ষমতাবলে তাদের সরিয়েছেন।”
এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় সমাজ বিজ্ঞান অনুষদের ডিন আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিন্ডিকেট কর্তৃক নির্বাচিত প্রাধ্যক্ষদের সরিয়ে দিয়ে উপাচার্য নিয়ম-নীতিকে অমান্য করে কার্যত স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিলেন।”
এর প্রতিবাদে কর্মসূচি আসতে পারে বলেও আভাস দেন উপাচার্যবিরোধী আন্দোলনে সক্রিয় এই অধ্যাপক।
প্রাধ্যক্ষদের অপসারণের পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসুচি নির্ধারণে শিক্ষক সমিতি বৈঠকও করেছে।
সভায় যোগ দেয়ার আগে সংগঠনের সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি হবে এই সভার আলোচ্য বিষয়।”
অন্যদিকে, গত মঙ্গলবার রাতে জরুরি সভা করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলরত শিক্ষকদের মোর্চা ‘সাধারণ শিক্ষক ফোরাম’।
ফোরামের নেতা অধ্যাপক শামসুল আলম বলেন,“উপাচার্য অন্যায় সিদ্ধান্ত নিলেন, আন্দোলনের মাধ্যমেই এর জবাব দেয়া হবে।”
