২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে খুনের দায়ে ১১ জনের যাবজ্জীবন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে মাইক্রোবাস ছিনতাই ও চালককে খুনের দায়ে ১১ জনকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 05:49 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বুধবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ এ রায় দেন।

এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাভোগ করতে হবে।

দণ্ডিতরা হলেন কুমিল্লার বরুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান পাঠোয়ারী মন্টি, একই উপজেলার বাসিন্দা ও মন্টির সহযোগী আজম খান, জুবায়ের হোসেন, আবদুস শহীদ, শাহ আলম সুমন, শামীম মিয়া, জহুর আলী ওরফে কালু, রোমান ওরফে রুবেল, আলাউদ্দিন, মো. সালাউদ্দিন ও মো. শাহজাহান।

আসামিদের মধ্যে মন্টি, জুবায়ের, আজম, আলাউদ্দিন ও সুমন পলাতক রয়েছেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কিশোর কুমার কর জানান, ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল মাইক্রোবাস স্ট্যান্ড থেকে ঢাকা যাওয়ার কথা বলে শ্রীমঙ্গল উপজেলার সুনাইগড় গ্রামের ইউনূস মিয়ার ছেলে মহসিন মিয়ার মাইক্রোবাস ভাড়া করে ১৫ ব্যক্তি। এরপর থেকে চালক ও মাইক্রোবাসের কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরে ৬ অক্টোবর হবিগঞ্জের চুনারুঘাটের রঘুনন্দন রাবার বাগানে চালক মহসীনের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে মামলাটি সিলেটে দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়।