স্ত্রীর মামলায় সমাজসেবা কর্মকর্তা কারাগারে
স্ত্রীর দায়ের করা নির্যাতনের মামলায় রংপুরের মিঠাপুকুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মামুন শাহীনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে রংপুরের মুখ্য বিচারিক হাকিম মো. মনসুর আলমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
তবে, একই মামলায় আল মামুনের বাবা, মা ও বোনকে জামিন দেয় এ আদালত।
মামলার এজাহারের বরাত দিয়ে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রেজাউল হক রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আল মামুন শাহীন প্রায়ই তার স্ত্রী সুফিয়া আক্তারকে (৩২) মারধর করতেন।
এ কারণে গত ১২ অগাস্ট স্বামীকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালি থানায় মামলা করেন তিনি। মামলায় আল মামুনের বাবা আব্দুল মালেক, মা দিলারা বেগম এবং বোন মরিয়ম বিনতে মালেককেও আসামি করা হয়েছে।
মামলার বাদী সুফিয়া আক্তার বলেন, ১০ বছর আগে নগরীরর সিও বাজার এলাকার আব্দুল মালেকের ছেলে আল মামুনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ৬ বছর বয়সের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী শারীরিক ও মানসিকভাবে তাকে নির্যাতন করে আসছেন। তাকে সহযোগিতা ও উৎসাহিত করতেন তার বাবা, মা ও বোন।
নির্যাতনের কারণে বেশ কিছুদিন তিনি হাসপাতালেও ছিলেন বলে জানান।
সমাজসেবা কর্মকর্তা আল মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাকে সামাজিকভাবে হেয় করার জন্যই মিথ্যা মামলা সাজানো হয়েছে।”
