২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর ২য় সাফাইয়ের সাক্ষ্য

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পক্ষে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন দ্বিতীয় সাফাই সাক্ষী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 11:20 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মো. শামসুল আলম।

নিজেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহ্বায়ক হিসেবে পরিচয় দেন তিনি।

শামসুল দাবি করেন, ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালি হত্যাযজ্ঞ শুরু করার পর ১৯ এপ্রিল পর‌্যন্ত দেশে থেকে যুদ্ধ করেন তিনি।

তিনি জানান, পরে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসে মকবুল হোসেন মন্টুর নেতৃত্বে পাবনার সাঁথিয়া, বেড়া ও সুজানগর এলাকায় গিয়ে যুদ্ধ করেন।

শামসুল দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় ওই এলাকায় বিভিন্ন লোকের বিরুদ্ধে শত শত অপরাধের অভিযোগ এলেও মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা কেউ কোনো অভিযোগ করেনি।

সাক্ষ্য দেয়া শেষ হলে এ সাক্ষীকে জেরা করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী।

রোববার নিজামীর পক্ষে সাক্ষ্য দেন প্রথম সাফাই সাক্ষী মুক্তিযোদ্ধা কেএম হামিদুর রহমান।

গত ৬ অক্টোবর নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় চার জন সাফাই সাক্ষী হাজির করার আদেশ দেয় ট্রাইব্যুনাল।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ১৬টি অভিযোগ এনে গত বছরের ২৮ মে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যাসহ মোট ১৬টি ঘটনার অভিযোগ আনা হয়।

২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়। একই বছরের ২ আগস্ট এক আবেদনের প্রেক্ষিতে তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।