২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গৃহকর্তার তাড়া খেয়ে লাফিয়ে মরলো দিলদার’

হাতে দা নিয়ে তাড়া করেছিল গৃহকর্তা। প্রাণে বাঁচতে ছাদে পালিয়ে গেলেও রেহাই মেলেনি। পিছু পিছু সেখানেই যান গৃহকর্তা। উপায়ান্তর না দেখে প্রাণ বাঁচাতে সাততলার ছাদ থেকেই লাফ দেয় দুই কিশোরী গৃহকর্মী।

মিন্টু চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 10:36 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

কিন্তু বাঁচতে পারেনি দিলদার বেগম, আর প্রাণে বাঁচলেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে সানজিদা আক্তার।

সম্পর্কে মামাতো-ফুফাতো বোন এই দুই কিশোরী প্রায় একমাস আগে নগরীর খুলশীর কিং প্যালেসের চারতলায় শাহ আমিন গ্রুপের মালিক আহমেদ নবী চৌধুরীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেয়।

সোমবার সকালে ওই ভবনের সাততলার ছাদ থেকে দুজন লাফ দিলে ঘটনাস্থলেই দিলদার মারা যায়। গুরুতর আহত হয় সানজিদা।

তার চোয়ালে গুরুতর আঘাত লেগেছে। এছাড়া পায়ে-হাতেও আঘাত পেয়েছে সে। বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছে।

মঙ্গলবার দুপুরে হাসপাতালের বিছানায় শুয়ে গৃহকর্তা-গৃহকর্ত্রীর নির্যাতনের বর্ণনা দেয় সানজিদা।

হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সানজিদা বলে, ‘‘মালিক ও তার স্ত্রী নিয়মিতই আমাদের মারধর করতেন। ওইদিন (সোমবার) চারতলার বাসায় আমাদের দুইজনকে মোটা বেত দিয়ে মারধর করে।

“পরে আমরা মার থেকে বাঁচতে ছাদে পালিয়ে যাই। সেখানেও দা নিয়ে তাড়া করে আমাদের। আমরা প্রাণ বাঁচতে ছাদ থেকে লাফ দিই।’’

সানজিদা মালিকের নাম জানাতে না পারলেও মমতাজ বেগম নামে একজনের নাম বলেছে।

এসময় পাশে থাকা সানজিদার খালা ফাতেমা বেগম জানান, ২৫ দিন আগে চন্দনাইশের এক মহিলার মাধ্যমে দুইজনকে খুলশীতে প্রতিমাসে দুই হাজার টাকা বেতনে কাজ দেয়া হয়েছিল।

তিনি বলেন, ওই বাসার মালিক আহমেদ নবী।

সানজিদার ভাই ইউনুছ সোমবার সাংবাদিকদের বলেছিলেন, পাঁচদিন আগে তাদের সঙ্গে কথা হয়েছিল। এর পর আর হয়নি। তখন তাদেরকে এখান থেকে মুক্ত করতে বলেছিল।

এদিকে ঘটনার পর ৩২ ঘণ্টা পেরিয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই বাড়ির গৃহকর্তা বা অন্য কোনো সদস্যকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হলেও থানায় কোনো মামলা হয়নি।

ঘটনার পর থেকেই গৃহকর্তা আহমেদ নবী ও তার স্ত্রীসহ অন্যরা পলাতক রয়েছেন। খুলশী ৬ নম্বর রোডের বাসায় তালা রয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শাহ আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনো পর্যন্ত এঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। এছাড়া ওই বাড়ির সদস্যদের কাউকে পাওয়া যায়নি।

তিনি বলেন, গৃহকর্মী দুজন ভয়ে লাফিয়ে পড়েছে না তাদের মারার জন্য তাড়া খেয়ে পড়েছে সে বিষয়ে আমরা কিছুই জানি না। এবিষয়ে আহত মেয়েটির বক্তব্য জরুরি। তার আঘাত গুরুতর হওয়ায় এখনো জিজ্ঞাসাবাদ করা যায়নি।

এই ঘটনায় আহত বা নিহতদের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।