বাগেরহাটে ৮ জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের আট কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার বিকালে উপজেলা সদরের নব্বইরশি বাস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা ওই বাড়িতে বসে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটনোর পরিকল্পনা করছিল বলে দাবি করছে পুলিশ।
মোরেলগঞ্জ থানার ওসি আজিজুল হক জানান, নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় আউয়াল মাঝি নামে এক ব্যক্তির বাড়িতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য গোপন বৈঠক করছিলেন।
এরা জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেপ্তাররা হলেন মোরেলগঞ্জের মাধবকাঠি ফাজিল মাদরাসার আরবির প্রভাষক মাহমুদুর রহমান, তার ভাই গুলিশাখালী ফাজিল মাদরাসার প্রভাষক মঞ্জুরুল রহমান ও মাসুদুর রহমান, উত্তর সরালিয়া গ্রামের আসাদুর রহমান, মোরেলগঞ্জ রাজৈর ফাজিল মাদরাসার উপাধ্যাক্ষ হাবিবুর রহমান, ভাসানদল গ্রামের অ্যাডভোকেট মোহম্মদ মহিবুল্লাহ, হরতকিতলা গ্রামের সালাউদ্দিন খান এবং ঝালকাঠি সদরের বেসাইনখান গ্রামের মো. হুমায়ুন কবীর।
