২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌহালীতে সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনার চরে কাশবন কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক প্রবীণ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন উভয়পক্ষের অন্তত ২০ জন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

সোমবার বিকালে এওয়াজ কাঠালিয়া চরে এ সংঘর্ষে চরসলিমাবাদের বাসিন্দা আব্দুল আলিম (৫৫) আহত হন। মঙ্গলবার সকলে হাসপাতালে তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে ১১ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ চরবিনানই গ্রামের লুৎফর রহমান (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হক জানান, চৌহালীর খাসপুকুরিয়া ইউনিয়নের এওয়াজ কাঠালিয়া চরের কাশবন কাটা নিয়ে উমরপুর ইউনিয়নের চরসলিমাবাদ গ্রামের জহুরুল ইসলাম এবং চরবিনানই গ্রামের লুৎফর রহমানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বাধে।

এ সময় উভয়পক্ষ লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানন তিনি।