সাতক্ষীরায় আমান হত্যা: ৯ বিএনপি নেতা কারাগারে
সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান হত্যা মামলার আসামি নয় বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার তারা সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম শহীদুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এর আগে তারা উচ্চ আদালতের নির্দেশে জামিনে ছিলেন।
আসামিদের মধ্যে রয়েছেন আশাশুনি উপজেলা বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, নেতা জুলফিকার আলী জুলি, জাকির হোসেন বাবু, ফজলুর রহমান, হাবিল, মোক্তার হোসেন, আক্তারুল ইসলাম।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ সাংবাদিকদের জানান, আসামিরা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের ৪ সপ্তাহের জামিন মঞ্জুর করে।
জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে হাজির হতেও নির্দেশ দেয় হাইকোর্ট।
গত ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির কর্মীসভায় দুগ্রুপের সংর্ঘষে জেলা মৎসজীবী দলের সম্পাদক আমানউল্লাহ আমান (৪৪) নিহত হন।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে জেলা বিএনপি সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৪০/৪৫ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
