প্রধানমন্ত্রী দিনাজপুর আসছেন মঙ্গলবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দিনাজপুর সফর করবেন।
এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া স্থানীয় গোর-এ-শহীদ বড় ময়দানে দুপুর ৩টায় জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন বলে দলের নেতারা জানান।
প্রায় পাঁচ বছর পর শেখ হাসিনার দিনাজপুর সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ডিজিটাল বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণসহ নানাভাবে শহরকে সজ্জিত করা হয়। জনসভাস্থলে তৈরি করা হয় বিশাল মঞ্চ।
দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই জনসমাবেশে ‘১০ লাখের বেশি’ মানুষের সমাবেশ ঘটানো হবে।
তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বহুতলবিশিষ্ট ড. এম. এ. ওয়াজেদ একাডেমিক ভবন, ৫০০ শয্যার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দিনাজপুর প্রেস ক্লাব কমপ্লেক্স, শহীদ আসাদুল্লাহ স্কোয়ারের স্বাধীনতা স্তম্ভ, দিনাজপুরের আত্রাই নদীর উপর নির্মিত রাবার ড্যাম, বোচাগঞ্জে টাঙ্গন নদীর উপর নির্মিত রাবার ড্যাম, পাঁচবাড়ি ব্রিজ, বোচাগঞ্জ উপজেলার আব্দুর রওফ চৌধুরী অডিটরিয়াম, বিরল পৌরসভা ভবন, বিরামপুর ও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও সেতাবগঞ্জ মডেল পাইলট স্কুলের নতুন ভবনসহ ২৮টি প্রকল্প উদ্বোধন করবেন।
এছাড়া দিনাজপুর শিক্ষা বোর্ড ভবন, দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন এবং দিনাজপুর স্টেডিয়ামের সম্প্রসারিত ভবনসহেআটটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
জনসভা সফল করতে রংপুর বিভাগের আট জেলার আওয়ামী লীগ নেতারা দিনাজপুরে অবস্থান করছেন বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর দিনাজপুর আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার সারোয়ার মুর্শেদ শামীম জানান, প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর কর্মসূচি উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পুলিশ ও র্যাবের অবস্থান ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি বিজিবি।
এর আগে সর্বশেষ ২০০৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনি সফরে শেখ হাসিনা দিনাজপুর এসেছিলেন।
