২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গৃহবধূ খুন,স্বামী পলাতক

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ধর্ষণের পর এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 03:38 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর এলাকা থেকে  আমেনা আক্তার সুমির (২০) লাশ উদ্ধার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জিন্নত আলী জিন্নাহ বলেন, সুমির গলায় দড়ি প্যাঁচানো ছিল।

“রাতে কোন এক সময় ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

ঘটনার পর থেকে সুমির স্বামী মাজহারুল পলাতক রয়েছেন। তার বাড়ি  আড়াইহাজার উপজেলায়।

সুমি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার মহিনপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ে। স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ায় শান্তিনগর এলাকায় ভাড়া বাসায় মা-বাবার সঙ্গে থাকতেন তিনি।

নিহতের মা রেখা আক্তার জানান, মাজহারুল তার মায়ের অসুস্থতার কথা বলে রোববার সন্ধ্যায় সুমিকে তাদের বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর সুমির সঙ্গে তাদের আর কোনো যোগাযোগ হয়নি।

ভোর সাড়ে ৬টার দিকে এলাকাবাসী সুমির লাশ দেখে খবর দিলে তিনি গিয়ে মেয়ের বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখেন বলে জানান রেখা আক্তার।

“জামাতা মাজহারুল ও তার লোকজন আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছে,” বলেন তিনি।

মাজহারুল অনেক দিন ধরে মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল বলেও অভিযোগ করেন সুমির মা।

ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই।