লক্ষ্মীপুরে জমি নিয়ে সংঘর্ষে যুবলীগকর্মী নিহত
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
নিহত ফরিদুল ইসলাম উপজেলার ভোলাকোর্ট ইউনিয়ন পরিষদের শাহারপাড়া গ্রামের পূর্ব ফকির বাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় একটি ওয়ার্ড যুবলীগের নেতা।
এছাড়া সংঘর্ষে আহত মামুন হোসেনকে (৩০) গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রাতে শাহারপাড়া গ্রামে পূর্ব ফকির বাড়ির ফরিদুল ইসলামের সমর্থকদের সঙ্গে পাশের গ্রামের বলি বাড়ির মাসুদুর রহমানের সমর্থকদের জমি নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে ফরিদুল ঘটনাস্থলেই মারা যায়।
হত্যাকাণ্ডের জন্য জামায়াতকে দায়ী করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন।
রামগঞ্জ থানার ওসি একেএম মঞ্জুরুল হক আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
