গাজীপুরে বিএনপির মিছিল, হাতবোমা বিস্ফোরণ
গাজীপুর শহরে বিএনপির মিছিল চলাকালে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে।
রোববার বিকালে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে এ বিস্ফোরণের পর পুলিশ তাদের মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সফিকুল ইসলাম নামের এক বিএনপিকর্মীকে আটক করা হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. সাখাওয়াৎ হোসেন জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাজীপুর জেলা বিএনপি বিকাল সাড়ে ৪টার দিকে দলের জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের শিববাড়ি এলাকা প্রদক্ষিণ করে। পরে মিছিলটি গাজীপুর আন্তঃজেলা বাস টার্মিনালের দিকে যাওয়ার পথে জেলা জামায়াত কার্যালয়ের সড়কের মাথায় পথসভা করে। পথসভা শেষে বিএনপির নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করেন এবং সেখানে দুইটি হাতবোমার বিস্ফোরণ হয়।
এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে আরেকটি হাতবোমা ফাটানো হয়। পরে পুলিশ বিএনপির এক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে, বলেন এসআই সাখাওয়াত।
এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি কামরুজ্জামান জানান, শান্তিপূর্ণভাবে বিএনপির নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশ করেছে। তবে মিছিলকারীরা শিববাড়ি এলাকায় কয়েকটি পটকা ফাঁটিয়ে এলাকা ত্যাগ করেছে।
