চাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, আহত ২০
চাঁদপুর শহরে রোববার চট্টগ্রামগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে।
তবে, এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
চাঁদপুরের সহকারী স্টেশন মাস্টার মো. মারুফ হোসেন জানান, সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি বিকালে চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হয়। কিছুদূর গিয়েই পেছনের বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ওই বগিতে থাকা ২০ যাত্রী আহত হন।
এ দুর্ঘটনায় চাঁদপুর-চট্টগ্রাম রুটে রেল চলাচলে কোনো সমস্যা হয়নি। অন্য বগিগুলো নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে চলে গেছে।
দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার ও লাইন মেরামত কাজ চলছে বলে তিনি জানান।
