প্রথম দিনেই সরগরম সচিবালয়
ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেও সাধারণত অফিস আদালতে ছুটির আমেজ থাকে। তবে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এবার প্রথম দিনেই সরগরম।
অফিস-আদালত খুললেও উপস্থিতি কম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার ৭৫ শতাংশের বেশি।
এবার কোরবানির ঈদের ছুটি ছিল ১৫ থেকে ১৭ অক্টোবর। আর ১৮ ও ১৯ অক্টোবর ছিল সাপ্তাহিক ছুটি।
সাধারণত ঈদের ছুটির সঙ্গে আরো দুই-চারদিন ছুটি নিয়ে অনেকে গ্রামের বাড়িতে যান স্বজনদের সঙ্গে উৎসব উদযাপন করতে। তবে এবার সেই আবেদনের সংখ্যাও তুলনামূলকভাবে কম ছিল বলে কর্মকর্তারা জানান।
দশম জাতীয় নির্বাচনের বাকি মাত্র তিন মাস। এদিকে সংসদ অধিবেশনও শিগগিরই শেষ হয়ে যাবে। ফলে সরকারের মেয়াদের শেষ এই সময়ে সচিবালয়ে কাজের ব্যস্ততা থাকবে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি।
রোববার সকাল ৯টার দিকেই কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেন। এরপর কিছু সময় ব্যয় হয় কোলাকুলি আর কুশল বিনিময়ে।এরপর তারা চলে যান যার যার কক্ষ ও ডেস্কে।
অন্যবার এই দিনে সচিবালয়ে দশনার্থীদের অভ্যর্থনা কক্ষ খালি থাকলেও এবার সকাল থেকেই দর্শনার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে।
ঈদের পর প্রথম কার্যদিবসে সকালেই অফিসে আসেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
কর্মকর্তারা জানান, এবার মন্ত্রীদের অধিকাংশই নিজের এলাকায় ঈদ করেছেন। তবে দুপুরের দিকে তারাও অফিসে আসবেন বলে জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
