২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ভাষণের সময় সাতক্ষীরায় বিদ্যুৎ বিভ্রাট

বিদ্যুৎ ‘বিভ্রাটে’ জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ টেলিভিশনে দেখতে পারেননি সাতক্ষীরাবাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 11:16 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সম্প্রচারের সময় দুই দফা লোডশেডিং হয়।

স্থানীয়রা জানান, প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হওয়ার ৫ মিনিটের মাথায় বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণের মধ্যে ফিরে এলেও পরে আরেক দফা চলে যায়। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরে বিদ্যুৎ আসে।

স্থানীয় বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী কাওসার আলী জানান, এ বিভ্রাটে তাদের কোনো হাত নেই।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাহিদা বেশি থাকায় গ্রিড সাবস্টেশনে কারিগরি ত্রুটির কারণে ওই সময় দুই দফা লোডশেডিং হয়। সাবস্টেশন নিয়ন্ত্রণ করে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। আমাদের ওজোপাডিকোর হাতে এর নিয়ন্ত্রণ নেই।”

এদিকে স্থানীয় ওষুধ ব্যবসায়ী শাহরিয়ার আনোয়ার বলেন, “দুই দফা বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারিনি। রাজনৈতিক সঙ্কটের এই সময়ে তার বক্তব্য শোনার প্রতি আমাদের আগ্রহ ছিলো। কিন্তু তা সম্ভব হয়নি।”

“অন্য জেলার আত্মীয় স্বজনের কাছ থেকে টেলিফোনে প্রধানমন্ত্রীর বক্তব্যের সারসংক্ষেপ শুনেছি।”