প্রধানমন্ত্রীর প্রস্তাব গঠনমূলক: আকবর আলি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেয়া ভাষণকে ‘গঠনমূলক’ অভিহিত করে আকবর আলি খান বলেছেন, বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে সমঝোতার পথেই এগিয়ে যাওয়া উচিত।
শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচন ও সংকট মোকাবেলায় বিরোধী দলের কাছে সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেন।
তত্তাবাধায়ক সরকারেরর সাবেক উপদেষ্টা আকবর আলি খান এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ভাষণের প্রস্তাব ধরে এগিয়ে যাওয়ার অনুরোধ করেন।
এই সাবেক মন্ত্রিপরিষদ সচিব বলেন, “প্রাক নির্বাচন রাজনীতিক ভাষণ এটি। এতে গঠনমূলক উপাদান রয়েছে। এখন তা ধরেই এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত।”
বিরোধী দল কখনো তাদের প্রস্তাবের বিষয়টি স্পষ্ট করেননি বলেও মন্তব্য করেন তিনি।
আকবর আলি খান বলেন, “বিরোধী দল কী চায় তা কখনো স্পষ্ট করেনি। এখন সংসদে আলোচনায় বসা উচিত। কোথায়, কীভাবে তাদের সঙ্গে একমত হওয়া যায় তা আলোচনা হতে পারে।”
শেখ হাসিনার প্রস্তাবের ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, “উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে সকলের সমঝোতার পথেই এগিয়ে যাওয়া উচিত।”
