ছোট্ট ভাইটির জন্য দোয়া করবেন: হাসিনা
মাত্র ১০ বছর বয়সে ঘাতকের বুলেটে নিহত ছোট ভাই শেখ রাসেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শেখ রাসেলের জন্মদিনের কথা স্মরণ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, “আজ ১৮ই অক্টোবর। শেখ রাসেলের জন্মদিন।”
রাসেলের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “আমার ছোট্ট ভাইটি- যার কোনো অপরাধ ছিল না, মাত্র ১০ বছরের একটি শিশু তাকেও ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল।
“আমি তার জন্য আপনাদের কাছে দোয়া চাই। দোয়া করবেন।”
১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই রাসেল, শিশু বয়সেই ঘাতকের বুলেটে যার মৃত্যু হয়েছিল।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে নিজ বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহত হয় রাসেল।
রাসেলের জন্মদিন উপলক্ষে শুক্রবার মাগরিবের নামাজের পর ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনে মিলাদে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এবং সাংসদ বেবী মওদুদ অংশ নেন।
১৫ অগাস্টের হত্যাকাণ্ডের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সেদিন বাবা-মা, ভাই-ভাবীসহ পরিবারের ১৮ জনকে হারিয়েছিলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “মানুষ একটা শোক সইতে পারে না। যদি আপনাদের কোনো আপনজন মৃত্যুবরণ করে আপনারা জানেন, সেই ব্যথা-বেদনা কত কঠিন। পরিবারের সকল সদস্যকে হারিয়েও সেই শোক-ব্যথা বুকে নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।”
“কারণ আমার পিতা এদেশের মানুষকে গভীরভাবে ভালবেসেছেন এবং এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্যই তিনি তার জীবন দিয়ে গেছেন। তার একটাই স্বপ্ন ছিল যে, বাংলাদেশ হবে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ।”
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে এজন্য দেশবাসীর দোয়া চান শেখ হাসিনা।
