মহেশখালীতে ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার, পুলিশকে গুলি
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ১০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া বশির আহমদকে (২৭) ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি করেছে তার সহযোগীরা।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে কালারমার ছড়ার দক্ষিণ ঝাপুড়ায় এ গ্রেপ্তার ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
কালারমার ছড়া পুলিশ ফাঁড়ির এসআই শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝাপুড়ায় এলাকা থেকে সন্ত্রাসী বশিরকে গ্রেপ্তার করে ফেরার সময় তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তার সহযোগীরা।
এ সময় হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে অন্তন্ত ২০ রাউন্ড গুলি বর্ষণ করে। তবে পুলিশ পাল্টা গুলি চালায়নি।
মহেশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বশির একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ ১০টি মামলা রয়েছে।
বশির আহমদ ওই এলাকার প্রয়াত ওলা মিয়ার ছেলে।
