জাজিরায় আ. লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত অর্ধশত
শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের সাংসদ বি এম মোজাম্মেল হকের অনুসারীদের সঙ্গে দলের অন্য একটি পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে জাজিরা সদরের টিঅ্যান্ডটি মোড়ে সাংসদের সমর্থকদের সঙ্গে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সমর্থকদের সংঘর্ষ হয়।
জাজিরা থানার ওসি নাজমুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
সংঘর্ষের সময় উভয়পক্ষের নেতাকর্মীরা একটি ক্লাবঘর ও একটি ক্লিনিক এবং প্রায় ৪০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়।
আহতদের মধ্যে তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর স্থানীয়রা জাজিরা শহরে সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হকের বিরুদ্ধে বিক্ষোভ- মিছিল করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার উপজেলার কাজিয়ার চরের শেহের আলী মুন্সিকান্দি গ্রামে সাংসদের সমর্থক আবদুর রাজ্জাক এবং মোবারক আলীর সমর্থক সোবাহানের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িতেও হামলা হয়।
ওই সংঘর্ষের জের ধরে সকালে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়।
মুন্সিকান্দি গ্রামের আ. রহিম শিকদার বলেন, “গত দুই দিন ধরে এমপি মোজাম্মেলের সন্ত্রাসীরা মোবরক শিকদারের সমর্থকদের দোকান পাট ও বাড়ি-ঘরে হামলা করে ব্যাপক ভাংচুর করে।
“সকালে আমাদের লক্ষ করে তারা শতাধিক বোমা ছোড়ে। তখন পুলিশ এসে আমাদের লোকজনের ওপর গুলি ছুড়লে প্রায় ৩০ জন আহত হয়।”
এ বিষয়ে মোবারক শিকদার বলেন, “সাংসদ মোজাম্মেল হকের কারণে এলাকায় আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হচ্ছে। যারা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে তারাও রেহাই পাচ্ছে না।”
অভিযোগ অস্বীকার করে শরীয়তপুর-১ আসনের সাংসদ মোজাম্মেল বলেন, “মোবারক আলী শিকদার ২০০৮ সালে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপি-জামাতের সমর্থন নিয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। এখন আগামী নির্বাচনকে সামনে রেখে আমার ব্যক্তিগত ও দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য লাখ লাখ টাকা খাটিয়ে সন্ত্রাসীদের হাতে অস্ত্র ও বোমা তুলে দিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে চলেছে।”
