২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হবিগঞ্জে সংঘর্ষে আহত একশ’

হবিগঞ্জ সদরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুদলের সংঘর্ষে অন্তত একশ’ জন আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 06:25 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

শুক্রবার কাশিপুর গ্রামে এ সংঘর্ষে আহতদের  কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোজাম্মেল হক জানান, গরুর ঘাস খাওয়া নিয়ে গ্রামের ফজর আলী ও আজমান মিয়ার কথা কাটাকাটির জের ধরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।  

সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত  উভয়পক্ষ টেটা, ফিকল, বল্লমসহ নানা দেশি অস্ত্র সংঘর্ষে লিপ্ত থাকে।

পরে হবিগঞ্জ সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে দেলোয়ার (২৪), অলিমউল্লা (৬০), জাহির (৩০), আক্তার মিয়া (২৫), মুর্শেদ (২৫), শের আলী (৫৫), সুরাইয়া আক্তার (৪৫), নুনু মিয়া (৩০), জাহিদুল (৩০), জলিল মিয়া (৩২), রিপন মিয়া, (২৪), জহির মিয়া (২৫) ও রিপন মিয়াকে (২৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া গুরুতর আহত পাঁচ জনকে সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো বেশ কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে এলাকাবাসী জানায়।