উত্ত্যক্তকারী খুন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রকে
খুলনার রূপসা সেতুতে বেড়াতে আসা মেয়েদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে খুন করেছে দুর্বৃত্তরা।
ঈদের দিন (বুধবার) বিকালে রূপসা সেতুর পূর্বপারে একদল বখাটে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির বিবিএর ছাত্র রাজু ব্যাপারীকে (২৩)।
বৃহস্পতিবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত কয়েকজন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করেছে।
রূপসা থানার ওসি আলি নেওয়াজ জানান, ঢাকার উত্তরা ইউনিভার্সিটি’র বিবিএর ছাত্র রাজু ব্যাপারী ঈদের আগে নানার বাড়ি রূপসা উপজেলার জাবুসা গ্রামে বেড়াতে আসেন।
ঈদের দিন বিকালে ৫/৬ জন বন্ধুর সঙ্গে রূপসা সেতুর নিচে নদীর পাড়ে ঘুরতে যান।
সন্ধ্যা ৬টার দিকে সেখানে ঘুরতে আসা কয়েকজন কিশোরীকে খুলনা মহানগরীর লবণচরা ও জিন্নাহপাড়া এলাকার কয়েকজন বখাটে উত্ত্যক্ত করে।
রাজু ও তার বন্ধুরা এর প্রতিবাদ করলে বখাটেরা ফোন করে তাদের সহযোগীদের ডেকে এনে রাজু ও তার বন্ধু আরিফুল, রিন্টু, আল আমিন, মানিক ও ইকরামকে বেধড়ক মারপিট করে।
স্থানীয়রা আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনার প্রতিবাদে বিকাল পৌনে ৪টায় জাবুসা গ্রামের কয়েকহাজার নারী-পুরুষ বিক্ষোভ করে রূপসা সেতুর সংযোগ সড়কের জাবুসা চৌরাস্তায় অবরোধ দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
পরে পুলিশ গিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সন্ধ্যা সোয়া ৬টার দিকে অবরোধ তুলে নেয়।
হামলাকারীদেও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
