চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ যুবক খুন
চাঁপাইনবাবগঞ্জ সদরে মহানন্দা নদী থেকে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার নিখোঁজ হন শিবগঞ্জ উপজেলার চকনরেন্দ্রপুর গ্রামের দিলীপ কুমারের ছেলেনয়ন কুমার (৩০)। বৃহস্পতিবার পালশা এলাকায় তার লাশ পাওয়া যায়।
সদর থানার এসআই মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিজয়া দশমীর অনুষ্ঠানের পর কয়েকজন যুবক নয়নকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে স্বজনরা অভিযোগ করেছেন।
তার শরীরে আঘাতের চিহ্ন রযেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরো বলেন নিখোঁজের পর স্বজনরা শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। সকাল ১০টার দিকে স্থানীয়রা মহানন্দা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
