২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে যুবদল নেতার বিরুদ্ধে দোকান পোড়ানোর অভিযোগ

বাগেরহাটের চিতলমারীতে এক যুবদল নেতার বিরুদ্ধে এক ব্যবসায়ীর দোকানে পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 05:34 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

বৃহস্পতিবার ভোরে চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া বাজারে স্থানীয় ব্যবসায়ী সরদার মকিম হোসেনের দোকানে আগুন দেয়া হয় বলে পুলিশ জানায়।

এ সময় দোকানে ঘুমিয়ে থাকা শেখ সাহিদুল (২২) নামে এক যুবককে মারধর করে তার নছিমনেও আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মকিম বলেন, যুবদল নেতা লিয়াকত ফকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার দোকানে আগুন দেয়ার পর বোমার বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়েছে।

বাজারে লিয়াকত ফকিরের ছবিসহ যুবদলের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড টাঙানো থাকলেও সেখানে সংগঠনে তার পদবি উল্লেখ করা হয়নি।

আগুনে ওই ব্যবসায়ীর তিনটি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মকিম দাবি করেছেন।

ঘটনার পর যুবদল নেতা লিয়াকত ফকিরসহ অন্যদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ করেছেন বাজারের বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।

এ বিষয়ে চিতলমারী থানার ওসি মোল্লা মনিরুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যুবদল নেতা লিয়াকত ফকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী মকিম সরদারের দোকান পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় দুপুরে লিয়াকতসহ ১০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

সরদার মকিম বলেন, গত সোমবার দোকানের সামনে ভাড়ায় মটরসাইকেল চালক হারুণ তালুকদার ও ফিরোজ শেখের মধ্যে কথা কাটাকাটি হলে তিনি তাদের থামাতে যান।

“এতে হারুণ ক্ষুব্ধ হয়ে আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। ওই দিন বিকেলে হারুন যুবদল নেতা লিয়াকত ফকিরকে সঙ্গে নিয়ে আমাকে তুলে নিতে আসলে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে বিষয়টি মীমাংসা করে দেয়।”

এরপর এই হামলা হয়েছে বলে জানান তিনি।