২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বজনদের ছেড়ে ঢাকায় ঈদ

পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে সবাই বাড়ি ছুটলেও কেউ কেউ নগরীতেই রয়ে গেছেন নানা ব্যক্তিগত কিংবা পেশাগত প্রয়োজনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2013, 10:34 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

এর মধ্যে নানা পেশাজীবী ছাড়াও রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মা-বাবার সঙ্গে ঈদ না করার কষ্ট নিয়েই ঢাকায় রয়েছি। ওসি সাহেব ছুটিতে গেছেন। আমরা কাজ চালিয়ে নিচ্ছি।”

আইনশৃঙ্খলা রক্ষার জন্য কাউকে না কাউকে ছাড় তো দিতেই হবে। কেউ ভোগ করবে আর কেউ ত্যাগ করবে, এভাবেই চলবে পৃথিবী।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার ডিউটিতে থাকা পুলিশ কর্মকর্তাদের জন্য দুপুরে খাবারের আয়োজন করেছেন। থানায় থানায় এই খাবার দেয়া হয়েছে।

তারা থানায় দুপুরে সবাই পোলাও-গরুর মাংস খেয়েছেন। দায়িত্ব পালনের তৃপ্তিতে স্বজনদের পাশে না পাওয়ার কষ্ট অনেকটা লাঘব হয় বলে তিনি মনে করেন।  

মিডফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক সহদেব রাজবংশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূজার সময় ছুটিতে ছিলাম। এখন ডিউটি করছি। খারাপ লাগছে না। আমাদের কলিগদেরকে সুযোগ করে দিয়ে আমরা কাজ চালিয়ে নিচ্ছি “

ঈদের সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ডাক্তার ও নার্সরা ডিউটিতে থাকেন উল্লেখ করে তিনি বলেন, অল্প সংখ্যক মুসলমানও থাকেন।

গাজী টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আলিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবা ছিলেন সরকারি চাকুরে। তার বদলির চাকরি। তাই দেশের বিভিন্ন শহরে বিভিন্ন সময়ে ঈদ করার অভিজ্ঞতা তার রয়েছে। ২০০১ সালে বাবা ঢাকায় ছিলেন। তখন দুই ঈদই ঢাকায় করেছিলেন। কিন্তু সব সময়ই পরিবারের সবাই সঙ্গে ছিল।

এবারই প্রথম পরিবার ছাড়া তিনি ঈদ করছেন।

“যখন শুনেছি, এবারের ঈদে ছুটি পাব না, তখন থেকেই খারাপ লাগা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত অফিসকে ম্যানেজ করে যাওয়ার চেষ্টা করিনি।

“পরিবারের সঙ্গে ঈদ করলে দিনের শুরুটাই অন্য রকম হতো। সকালে মা-বাবার ডাকেই ঘুম ভাঙত। তাদের তাড়ায় গোসল করতে যেতে হতো। মায়ের হাতের রান্না খেয়ে ঈদের নামাজ পড়তে যেতাম। এবার ঘুম থেকে জাগার পরও বিছানায় গড়াগড়ি করেছি। এরপর নিজ তাগিদেই গোসল করেছি। না খেয়ে নামাজ পড়তে গিয়েছি। কোরবানির ঈদ হওয়া সত্ত্বেও হলে ফিরে সেমাই খেয়েছি।”

এরপর আর ভালো না লাগায় টঙ্গীতে এক আত্মীয়ের বাসায় চলে যান তিনি।

ঢাকায় প্রথম ঈদ করছেন সময় টেলিভিশনের নিউজরুম এডিটর নাহিদা আরেফিন নিতু।

পরিবার ছাড়া প্রথম ঈদ সম্পর্কে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন নিউজ আসছে, আমি করে দিচ্ছি। আর মা-বাবা বাড়িতে কান্নাকাটি করছেন। এভাবেই আমার ঈদ কাটছে। ঈদের পরদিন মা-বাবা ঢাকায় আসতেও চেয়েছিলেন। আমি নিষেধ করে দিয়েছি।”

ঢাকায় ঈদ করছেন সিরাজগঞ্জের রিকশাচালক আবু জাফর।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে রুটি খাইয়া রিকশা চালাইতে বাইর হইছি। রিকশা চালাইতেছি। এভাবেই ঈদ কাটতেছে। তবে একটা বিষয়, ঈদের দিন রাস্তায় রাজার মতন রিকশা চালান যায়।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শখ কইরা বাড়িত যামু কেমনে। আপনাগো দোয়ায় পোলাপানদের পড়ালেহা করাচ্ছি। টেকা পয়সা কামাই না করলে তাগো পড়ালেহা বন্ধ হয়ে যাবে না?”

তবে ঢাকায় ঈদ করে আনন্দেও সময় কাটছে অনেকের। নববিবাহিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা উর্মি ঢাকায় থেকে গিয়ে ঈদে সঙ্গী হয়েছেন সাংবাদিক স্বামীর।

ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “আমার স্বামীর সঙ্গে প্রথম ঈদ। দারুণ লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে এই কামনা রইল। সবাইকে ঈদ মোবারক।”

গুলিস্তান-টঙ্গী রুটে চলাচলকারী ১৩২ নম্বর গাড়ির চালকের সহকারী মফিজুর রহমান বলেন, “গত এক বছর ধরে গাড়ির কাজে আছি। আমার পরিবারও ঢাকায় থাকে। তাদের সঙ্গে ঢাকায়ই ঈদ করতাম। তবে এবার ঈদের দিন ডিউটিতে আছি। প্যাসেঞ্জারও কম থাকায় মন খারাপ হলেও হুড়াহুড়ি না থাকায় ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে খারাপ লাগছে না।”

উত্তরার ব্যবসায়ী নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আত্মীয়-স্বজন সবাই গ্রামেই থাকে। একসময় গ্রামের বাড়ি নোয়াখালীতেই ব্যবসা করতেন এবং সেখানেই ঈদ করতেন। ঢাকায় আসার পরও ঈদের আগের রাতে চলে যেতেন। বাচ্চা ছোট থাকায় এবার ঈদ ঢাকায়ই করতে হচ্ছে।

তবে আগামীকাল বা পরশু গ্রামের বাড়ি গিয়ে সবার সঙ্গে দেখা করে আসবেন বলে জানান আমিন।