বিক্রেতা অচেতন, গরু বিক্রির ৩৫ লাখ টাকা লোপাট
রাজধানীর কমলাপুর পশুর হাটে একটি গরুর খামারের কয়েক বিক্রেতাকে অচেতন করে ৩৫ লাখ টাকা লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
তবে বিষয়টিকে রহস্যজনক বলছে পুলিশ।
সিরাজগঞ্জের চাচা-ভাতিজা গরু ফার্মের মালিকের ভাতিজা মো. রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ১০/১২ জন গরু বিক্রেতাকে মঙ্গলবার সকালে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
“এদের মধ্যে জহিরুল নামের এক কর্মচারীর কাছে থাকা ৪০টি গরু বিক্রির ৩৫ লাখ টাকা দুবৃর্ত্তরা নিয়ে গেছে।”
জহিরুলসহ অন্যরা সোমবার সন্ধ্যার দিকে নিজেদের রান্না করা খাবার খেয়ে ঘুমিয়েছিলেন বলে জানান তিনি।
রেজা বলেন, জহিরুলের সঙ্গে অন্যরাও কম-বেশি অচেতন হয়েছেন। তবে জহিরুলের অবস্থা গুরুতর হওয়ার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, চারদিন আগে সিরাজগঞ্জ থেকে ৬০টি গরু নিয়ে কমলাপুর বাজারে আসেন তাদের বিক্রয় প্রতিনিধিরা। এর মধ্যে ৪০টি গরু বিক্রি হয়ে গেছে, যার টাকা ছিল জহিরুলের কাছে।
এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আশরাফুজ্জামান বলেন, পুলিশের পক্ষ বারবার বাইরের খাবার না খেতে বলা হয়েছে। কিন্তু এরা নিজেদের রান্না করা খাবার খেয়ে অচেতন হয়েছেন। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।
বর্তমানে গরু বিক্রির পরপরই টাকা বিকাশসহ বিভিন্নভাবে পাঠিয়ে দেয়া হয় বলে জানান তিনি।
