চাঁদপুরের আ. লীগ নেতার মৃত্যুতে শেখ হাসিনার শোক
চাঁদপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান পাটোয়ারীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানিয়েছেন, লুৎফুর রহমান পাটোয়ারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, লুৎফুর রহমান পাটোয়ারীর মৃত্যুতে আওয়ামী লীগ একজন ত্যাগী নেতা ও পরীক্ষিত সংগঠককে হারাল।
আওয়ামী লীগ সভানেত্রী প্রয়াত এই নেতার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা প্রকাশ করেছেন।
চাঁদপুর জেলা শ্রমিক লীগের সাবেক এই সভাপতির বয়স হয়েছিল ৬৫ বছর।তিনি স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন।
