মিরপুরে সড়ক অবরোধ
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর মিরপুর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।
অবরোধের কারণে রোববার সন্ধ্যার পর থেকে মিরপুর ১০ নম্বরসহ আশপাশের সড়কগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর মনোয়ারা গার্মেন্টের কয়েকশ শ্রমিক মিরপুর ১০ নম্বর থেকে ১৪ নম্বরের দিকে যাওয়া সড়কে আইডিয়াল স্কুলের সামনে অবস্থান নেয়।
মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে দুইশ’ গজের মধ্যে সড়কে এই অবরোধের কারণে ব্যস্ততম ১০ নম্বরে যান চলাচল প্রায় থমকে গেছে।
কাফরুল থানার ওসি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ করছে।
“আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি।”
শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে ওসি বলেন,
কোনো ধরনের ভাংচুর হয়নি।
