২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন না দেয়ায় মেশিন খুলে নেয়ার অভিযোগ

বকেয়া বেতন ও ঈদ বোনাস না দেয়ায় সাভারের আশুলিয়ার পোশাক শ্রমিকরা এক কারখানার মেশিনপত্র খুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 06:04 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার পলাশবাড়ি এলাকার ‘অন্ময় এ্যাপারেলস লিমিটেড’ এ ঘটনা ঘটে বলে শিল্প পুলিশ জানায়।

শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের পরিদর্শক আব্দুস সাত্তার জানান, অন্ময় এ্যাপারেলস লিমিটেড কারখানায় বকেয়া এক মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানাটির প্রায় আড়াইশ’ শ্রমিক গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রোববার দুপুর পর্যন্ত শ্রমিকরা বেতন-বোনাস না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা কারখানায় কোন কর্মকর্তাকে না পেয়ে পুলিশের সামনেই মেশিনপত্র খুলে নিয়ে যায়।”

“মালিক পক্ষ বেতন বোনাস দেয়ার পরই তারা সেগুলো ফেরত দিবে বলে জানিয়েছে।”

তবে মেশিনপত্র খুলে নেয়া প্রসঙ্গে শ্রমিকরা কোন কথা বলতে রাজী হয়নি।

এদিকে, রোববার কুমকুমারী এলাকার ‘মইয়ি স্টিচ্ লিমিটেড’ কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে।

এ কারখানা কর্তৃপক্ষ প্রায় সাড়ে ৪শ’ শ্রমিককের এক মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস না দিয়ে চলে যায়।

শ্রমিকরা বেতন-বোনাস না পেয়ে কারখানায় বিক্ষোভ করতে থাকে। সকাল থেকেই তারা কারখানার ভিতরে অবস্থান করে।

এদিকে কারখানা দুটি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের কাউকেই পাওয়া যায়নি।