ফরিদপুরে নিখোঁজ স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার
চারদিন নিখোঁজ থাকার পর ফরিদুপর সদর উপজেলা থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার কোমরপুর গ্রামের একটি পুকুর থেকে জয়নাল আবেদীনের (১০) লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালী থানার উপ পরিদর্শক মো. কামরুজ্জামান।
কোমরপুর গ্রামের মাজেদ সর্দারের ছেলে জয়নাল কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউটের তৃতীয় শ্রেণির ছাত্র।
লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জয়নাল মঙ্গলবার বিকালে নিখোঁজ হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার তার বাবা ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
