আবারো চলন্ত ট্রেনে পাথর, চবি শিক্ষার্থী আহত
আবারো চলন্ত ট্রেনে বাইরে থেকে ছুড়া পাথরের আঘাতে আহত হওয়ার ঘটনা ঘটেছে।
এবার শাটল ট্রেনে পাথরের আঘাতে আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ।
আহত রহমান শোয়েব (২২) বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।
বৃহস্পতিবার রাত পৌনে দশটায় ষোলশহর স্টেশন থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চালুর কিছুক্ষণের মধ্যেই এঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
রহমানের বন্ধু প্রত্যক্ষদর্শী জালাল আহমেদ রুমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেনটি ছেড়ে আসার দুয়েক মিনিট পরেই বাইরে থেকে সাত/আট বছরের একটি ছেলে অনেকগুলো পাথর এক সঙ্গে ছুড়ে মারে।
“এতে রহমান শোয়েব মাথায় আঘাত পান। তার মাথা সামান্য কেটে যায় এবং ফুলে যায়।”
ফাইল ছবি
আহত রহমানকে চবি মেডিকেল সেন্টারে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক খান তৌহিদ ওসমান বলেন, “রহমান শোয়েব এখন সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন।”
বিষয়টি চট্টগ্রাম জিআরপি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান প্রক্টর।
গত ১০ অগাস্ট রাতে ঢাকামুখী তূর্ণা নিশিথা চট্টগ্রামের ভাটিয়ারী ভাঙ্গা সেতু এলাকা পার হওয়ার সময় জানালা লক্ষ্য করে ঢিল ছোড়ে দুর্বৃত্তরা। ঢিলের আঘাতে প্রীতি দাশ নামের এক প্রকৌশলী নিহত হন।
এরপর গত ২২ অগাস্ট ব্রাহ্মণবাড়িয়ায় ও ২৯ অগাস্ট কুষ্টিয়ায় আহত হন দুই ট্রেন চালক।
