যুবলীগ নেতা বিথার হত্যায় আসামী আ’লীগ নেতা
হত্যার চার বছর পেরিয়ে যাওযার পর যুবলীগ নেতা শহীদ ইকবাল বিথার হত্যা মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার আদালতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাফিউর রহমানের দাখিল করা এ অভিযোগপত্রে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ নয়জনকে আসামী করা হয়েছে।
খুলনা মহানগর হাকিম আমলি আদালত ‘ক’ অঞ্চলের বিচারক মো. জাকির হোসেন টিপুর আদালতে জমা দেয়া এ অভিযোগপত্রে অপর আসামীরা হলেন খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলু, যুবলীগের কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক এস এম মেজবাউল হোসেন বুরুজ, আকরাম হোসেন ওরফে সিয়াম ওরফে আকাশ, সুমন হোসেন রাজু, এনামুল কবীর জীবন ওরফে শবে কাদির, লিয়াকত আলি শিকদার, মাসুদ রানা ওরফে রানা, মো. মনিরুজ্জামান মাসুদ ওরফে তোতা মাসুদ।
২০০৯ সালের ১১ জুন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর বিথারকে তার বাসা থেকে কাছে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
প্রভাবশালীদের কারণে মামলার অভিযোগপত্র দাখিল বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ ছিল।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সফিকুর রহমান বলেন, “যুবলীগ নেতা শহীদ ইকবাল বিথার হত্যা মামলার চার্জশীট দাখিল হয়েছে।”
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার টিএম মোশাররফ হোসেন জানান, গত ১৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের সভায় বিথার হত্যা মামলার চার্জশিট দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
