২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরু ব্যবসায়ীর দশ লাখ টাকা ছিনতাই

বাগেরহাট-খুলনা সড়কে পাঁচ গরু ব্যবসায়ীর কাছ থেকে দুর্বৃত্তরা ১০ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 07:12 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এ সড়কের বেইলি ব্রিজ থেকে ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নলিতাতলা গ্রামের মো. জয়নাল, একই উপজেলার সোনাখালী গ্রামের ইউনুস আলী, বাবুল হাওলাদার, বরগুনার পাথরঘাটা উপজেলার সৎকার বেতমোড় গ্রামের জামাল উদ্দিন এবং বেতমোড় গ্রামের জালাল উদ্দিন।

এ ব্যবসায়ীদের উদ্ধৃত করে বিকেলে ফকিরহাট থানার উপপরিদর্শক মো. মতলেবুর রহমান জানান, সকাল ৮টার দিকে পিরোজপুর ও বরগুরার পাঁচ গরু ব্যবসায়ী খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া হাটে গরু কেনার উদ্দেশ্যে পিরোজপুরের চরখালী ফেরিঘাটে আসে।

ফেরিঘাটে দাঁড়িয়ে থাকা একটি সাদা রং-এর মাইক্রোবাসের চালক তাদের খুলনায় যাবে জানায়। তারা জনপ্রতি ১২০ টাকায় ভাড়ায় ওই মাইক্রোবাসে ওঠে।

মাইক্রোবাসটি চরখালী ফেরি পার হবার পর এপারে দাঁড়িয়ে থাকা তিন যুবক মাইক্রেবাসটির গতিরোধ করে বলে তারা খুলনায় নৌবাহিনীতে চাকরি করে।

দ্রুত খুলনায় যাওয়া দরকার জানালে চালক তাদের গাড়িতে ওঠান।

মাইক্রোবাসটি বাগেরহাট-খুলনা সড়কের বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট বেইলি ব্রিজের কাছে পৌছানোর পর চলন্ত গাড়িতে ধারালো অস্ত্র দেখিয়ে এবং মারধর করে ব্যবসায়ীদের কাছে থাকা ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় ওই যুবকরা।

পরে ফকিরহাট উপজেলার বৈলতলী ফাঁকা এলাকায় গরু ব্যবসায়ীদের নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি মাওয়ার দিকে চলে যায়।

ছিনতাইকারী চক্রটি আগে থেকেই এই গরু ব্যবসায়ীদের বিষয়ে খোঁজ নিয়ে পরিকল্পিতভাবে ছিনতাই করেছে বলে ধারণা করছে পুলিশ।

মামলা হওয়ার পর কোন ব্যবসায়ীর কত টাকা ছিনতাই হয়েছে তা জানানো হবে বলে জানান তিনি।

বিকেলে ফকিরহাট থানার ওসি এস.এম আনোয়ার হোসেন বলেন, “ছিনতাইকারী চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।”