বহদ্দারহাট ফ্লাইওভার খুলছে শনিবার
নির্ধারিত সময়ের প্রায় আড়াই মাস আগেই যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডএ)এ প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত বহদ্দার ফ্লাইওভারে যান চলাচল শুরু হবে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান অবদুচ ছালাম বুধবার জানান, বহদ্দারহাট ফ্লাইওভার নির্মাণ কাজের প্রকল্প মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু তার দুই মাস আগেই এ ফ্লাইওভার খুলে দেয়া হচ্ছে।
বহদ্দারহাট বাস টার্মিনালের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং কক্সবাজারের সংযোগ রক্ষাকারী সড়কে ১ দশমিক ৩৩ কিলোমিটার দীর্ঘ এ ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয় ২০১০ সালের ডিসেম্বরে।
সিডিএর নিজস্ব অর্থায়নে ১০৬ কোটি টাকা ব্যয়ে এ ফ্লাইওভার তৈরি করা হয়েছে।
গত বছরের ২৪ নভেম্বর গার্ডার ধসে অন্তত ১৩ জনের মৃত্যুর পর থেকে ফ্লাইওভারটির নির্মাণ কাজের তদারকি করছে সেনাবাহিনী।
সিডিএ চেয়ারম্যান বলেন, উদ্বোধনের পর ফ্লাইওভারটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হলেও ছোট ছোট কিছু কাজ চলবে। পুরোপুরি কাজ শেষ হলে তা সিডিএকে বুঝিয়ে দেয়া হবে।
বহদ্দার ফ্লাইওভারের পাশাপাশি দেওয়ানহাট ফ্লাইওভার, আরাকান সড়ক সংস্কার, চট্টগ্রাম কলেজ সড়ক সম্প্রসারণ, পাঠানটুলি সড়ক সম্প্রসারণ, সিডিএ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নিউমার্কেট বি ব্লকের ১০ তলা ভবন, সল্টগোলা এলাকায় বিজিএমইএর ও সিডিএর যৌথ উদ্যোগে নির্মিত নারী পোশাক শ্রমিকদের ডরমেটরি, ডিটি রোড সম্প্রসারণ, অক্সিজেন-কুয়াইশ রোডের সম্প্রসারণ, মুরাদপুর রোড সম্প্রসারণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি ৪৬২ কোটি টাকা ব্যয়ে নগরীর মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নতুন আরেকটি ফ্লাইওভারের ভিত্তিপ্রস্থরও স্থাপন করবেন তিনি।
আবদুচ ছালাম বলেন, “চট্টগ্রামের এ উন্নয়ন বিরল ইতিহাস সৃষ্টি করেছে। বর্তমান সরকার আমলে যেসব কাজ হয়েছে সেগুলোরই উদ্বোধন করা হচ্ছে। এর আগে এতো উন্নয়ন কখনোই হয়নি।”
মোট ৬০০ কোটি টাকা ব্যয়ে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া নগরীর বায়েজিদ থেকে ফৌজদারহাট পর্যন্ত ২০৯ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে বলেও জানান সিডিএ চেয়ারম্যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শনিবার চট্টগ্রামে আরো কয়েকটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে।
