২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের সিদ্দিকীকে গ্রেপ্তারে পরোয়ানা

বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রংপুরের একটি আদালত।  

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 09:44 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

বুধবার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. মনসুর আলম এ আদেশ দেন বলে সংশ্লিষ্ট আইনজীবী জানান।

রংপুর মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী আখতার জাহাঙ্গীর হোসেন তুহিনের দায়ের করা মামলায় এ আদেশ দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রেজাউল হক রেজা জানান, গত ১৯ ফেব্রুয়ারি একটি জাতীয় পত্রিকায় কাদের সিদ্দিকী ‘রাজাকারের উকিল নোটিশ’ শিরোনামে একটি খোলা চিঠি লিখেন।

ওই লেখায় তিনি উল্লেখ করেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য আশিকুর রহমান মুক্তিযুদ্ধ চলাকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ছিলেন। তাকে সে সময় গ্রেপ্তার করা হয়।

পাকিস্তান প্রশাসনের ডিসি যুদ্ধপরাধীদের ওই সময় ফাঁসিতে ঝোলানো উচিত ছিল বলে ওই লেখায় মন্তব্য করেন কাদের সিদ্দিকী।

পিপি রেজাউল হক রেজা আরো বলেন, আওয়ামী লীগ নেতার নামে মানহানিকর বক্তব্য দেয়ায় অ্যাডভোকেট আলী আখতার জাহাঙ্গীর হোসেন তুহিন গত ২৭ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন।

ওই মামলায় আদালত কাদের সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু তিনি সমনের কোনো জবাব না দেয়ায় আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।