২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট চলছে

ময়মনসিংহ শহরের গাংগিনার পাড় এলাকায় একটি জুয়েলারি দোকান থেকে ডাকাতির স্বর্ণ উদ্ধারের দাবিতে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 07:35 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

বুধবার ছিল ধর্মঘটের তৃতীয় দিন। এদিন আন্দোলনকারীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

সমাবেশ শেষে বাংলাদেশ জুয়েলার্স সমিতি ময়মনসিংহ জেলা সভাপতি মালিক মো. হোসেন ডাকাতিতে লুণ্ঠিত নগদ অর্থসহ মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এদিকে কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সরওয়ার জানান, পুলিশ এই ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গত দুই দিনে ছয়জনকে গ্রেপ্তার করেছে।

তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ ডাকাতির ঘটনার বিষয়ে বেশকিছু তথ্য পেয়েছে।

শিগগিরই ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং নগদ অর্থসহ লুন্ঠিত মালামাল উদ্ধার সম্ভব হবে বলে আশা করছেন তিনি ।

রোববার সন্ধ্যায় হাতবোমা ফাটিয়ে এম হোসেন জুয়েলার্সে ডাকাতি করে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতরা অন্তত ২৫টি হাতবোমা ফাটায়। ডাকাতের হামলায় দোকানের মালিক কবির হোসেনসহ চার জন আহত হন।