যমুনায় ছাগল ছিনতাই
সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় যমুনা নদীতে একটি নৌকা থেকে দেড়শ’ ছাগল ছিনিয়ে নিয়েছে দুবৃর্ত্তরা।
বুধবার দুপুরে বড়ধুল এলাকায় এ হামলার সময় দুবৃর্ত্তদের পিটুনিতে পাঁচজন আহত হয়েছেন।
শাহজাদপুর উপজেলার উল্টাডাব গ্রামের মানিক ও ওয়াহাব ব্যাপারী জানান, প্রায় পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের দেড়শ’ ছাগল একটি ইঞ্জিনচালিত একটি নৌকায় নিয়ে তারা শাজাদপুরের উল্টাডাব এলাকা থেকে টাঙ্গাইলের শাহাজানী হাটে যাচ্ছিলেন।
পথে বড়ধুল এলাকায় আগে থেকে অবস্থান নেয়া সশস্ত্র ডাকাতরা তাদের নৌকায় হামলা চালায়। এ সময় তারা ব্যবসায়ী ও রাখালদের মারপিট করে ছাগলগুলো তাদের নৌকায় তুলে নেয় এবং ব্যবসায়ীদের নৌকা অকেজো দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে এনায়েতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের উদ্ধার করে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, “ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই স্থানটি টাঙ্গাইলের ভুয়াপুরে অন্তর্গত হওয়ায় বেলকুচিতে মামলা হয়নি।”
