২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে সেনাবাহিনী চায় ভোটাররা: ইডব্লিউজি জরিপ

সেনাবাহিনী ছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় যথেষ্ট দক্ষতা সম্পন্ন নয় বলে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) এক জরিপে উঠে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 12:00 AM

Updated : 23 Aug 2022, 07:04 PM

মঙ্গলবার প্রকাশিত এই জরিপ প্রতিবেদনে বলা হয়, দলীয় সরকারের অধীনে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে না।

রাজধানীর  একটি হোটেলে ইডব্লিউজি’র পরিচালক আবদুল আলীম ‘আই অন ইলেকশন: জুন-আগস্ট’ প্রতিবেদন প্রকাশ করে।

২০০৬ দেশের ২৯টি নাগরিক সংগঠনের সমন্বয়ে ইডব্লিওজি যাত্রা শুরু করে।

দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাক নির্বাচন ও পরবর্তী পরিস্থিতি পর‌্যবেক্ষণে ১১৮টি সংসদীয় এলাকা বেছে নিয়ে একজন করে স্থায়ী ও কয়েক হাজার স্বল্প মেয়াদি পর‌্যবেক্ষক নিয়োগ দেয় সংগঠনটি। এসব এলাকার ১,১৭০ জন ব্যক্তির সঙ্গে কথা বলে তারা প্রতিবেদন তৈরি করে।

এই জরিপে অংশ নেয়া ৬৪ দশমিক ৯ শতাংশ ভোটার মনে করেন, সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ৪৬ দশমিক ৩ শতাংশ মনে করেন, সেনাবাহিনী ছাড়া অন্য বাহিনী শান্তি রক্ষায় যথেষ্ট দক্ষ নয়।

দলীয় সরকারের অধীনৈ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন সম্ভব নয় বলে মত দিয়েছেন ৪৬ দশমিক ৫ শতাংশ ভোটার।

নির্বাচনী আইনের সংস্কার বিষয়ে ইডব্লিউজি বলেছে, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়োগ করা হলেও ২০০১ সালে গণপ্রতিনিধিত্ব আদেশে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। ২০০৯ সালে আইন শৃঙ্খলাবাহিনীর সংজ্ঞা থেকে সেনাবাহিনীকে বাদ দেয়া হয়।

নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বিগত সব জাতীয় নির্বাচনে আইনশৃঙখলা রক্ষায় সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে।

“যখন দরকার হয়, তখন সহায়তা করেছে সেনাবাহিনী। দশম সংসদ নির্বাচনে প্রয়োজন হলে সহায়তা চাওয়া হবে, তারাও তাই করবে।”